আলো ডেস্ক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে করা মামলা বাতিলের ওপর জারি করা রুল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দুলুর দুর্নীতির মামলা চলবে। রায়ে ১২ বছরের স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন এবং আগামী এক বছরের মধ্যে মামলাটি বিচারিক (নিম্ন) আদালতকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
গত ৩১ অক্টোবর হাইকোর্টের একই বেঞ্চে এ মামলার শুনানি শেষ করা হয়। এরপর এ বিষয়ে আরও শুনানি ও আদেশের জন্য গতকাল সোমবার দিন ধার্য করা হয়। তারই ধারাবাহিকতায় এদিন রায় ঘোষণা করা হলো। আসাদুল হাবিব দুলুর দুর্নীতি মামলার বিচার দীর্ঘ ১২ বছর ধরে হাইকোর্টের আদেশে স্থগিত ছিল। ওই স্থগিতাদেশ প্রত্যাহার করে বিচার শুরুর জন্য বিষয়টি স¤প্রতি রাষ্ট্রপক্ষ হাইকোর্টে উত্থাপন করে। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিচার কার্যক্রম সচলের উদ্যোগ নেওয়া হয়।
২০০৯ সালের ২১ জানুয়ারি লালমনিরহাট সদর থানায় দুলুর বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। মামলায় এক কোটি ৬১ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ মামলায় ওই বছরই চার্জশিট দাখিল করে দুদক। এরপর মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট ২০১০ সালের ২৫ আগস্ট বিচারিক কার্যক্রম স্থগিত করেন। সেই সঙ্গে রুলও জারি করেন। সেই থেকে বন্ধ ছিল মামলাটির বিচার কার্যক্রম।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক জানান, দীর্ঘদিন হাইকোর্টের স্থগিতাদেশের কারণে মামলাটির বিচার কাজ বন্ধ ছিল। বিচারের পথ খোলার জন্য বিষয়টি হাইকোর্টে উত্থাপন করা হয়। হাইকোর্ট মামলাটির শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী শুরু হয় শুনানি। দীর্ঘদিন হাইকোর্টের স্থগিতাদেশের কারণে মামলাটি বিচার বন্ধ ছিল। গতকাল সোমবার এই রায়ের ফলে মামলাটি সচল হলো।
