আলো ডেস্ক: রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সোমবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ফয়সাল তারেক শুনানি শেষে তাদের বিরুদ্ধে এ আদেশ দেন। পরোয়ানা জারি হওয়া দুই কর্মকর্তা হলেন- উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মঞ্জুর রহমান খান ও উপ-সচিব (ক্রীড়া অফিসার) ওয়ালিদ হোসেন।
তাদের মধ্যে মঞ্জুর রাজশাহী শিক্ষা বোর্ডের অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ও ওয়ালিদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। বাদীপক্ষের আইনজীবী একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বছরের ১৮ অক্টোবর রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছিলেন।
তার আগে ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় সচিবের কক্ষে ঢুকে তাকে মারধরের চেষ্টা ও ত্রাস সৃষ্টির অভিযোগে মামলাটি করা হয়। আইনজীবী একরামুল আরও বলেন, পরে এ মামলায় আসামিদের হাজির হতে সমন জারি করেছিলেন আদালত।
কিন্তু দুই আসামি মামলার নির্ধারিত দিন গতকাল সোমবার আদালতে হাজির হননি। তাই আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। নগরীর রাজপাড়া থানা পুলিশকে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের নির্দেশ দেওয়া হয়েছে।
