আলো ডেস্ক: নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে গোসলে নেমে নিখোঁজ বাগানকর্মী মুনসুর রহমানের (৬৫) লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল রোববার সকালে নদীতীরের দয়রামপুরের নন্দীকুজা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মুনসুর রহমান লালপুর এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে। বাগাতিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, দয়রামপুরের নন্দীকুজা এলাকায় পেয়ারা বাগানের কর্মচারী ছিলেন মুনসুর রহমান। গত শনিবার দুপুরে বাগানের পাশে বড়াল নদীতে গোসলে নেমে তলিয়ে যান তিনি। পরে ফায়ার সার্ভিসকর্মীরা গত শনিবার সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
দয়রামপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মঞ্জুরুল আলম জানান, গতকাল রোববার সকালে একই এলাকা থেকে মুনসুরের মরদেহ দেখে এলাকাবাসী তাদের খবর দেয়। খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। এসআই আমিনুর রহমান বলেন, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
