আলো ডেস্ক: বগুড়ায় আদালতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত শিক্ষানবিশ আইনজীবী ও সাবেক ছাত্রদল নেতা আবদুল বারী ওরফে চাঁন মিয়া (৪০) মারা গেছেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চাঁন মিয়া বগুড়া শহরের চকফরিদ কলোনি এলাকার মৃত কবেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, গত মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বাসা থেকে আদালতে যাওয়ার পথে বগুড়া শহরের চক ফরিদ কলোন এলাকায় মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় তিন দুর্বৃত্ত পেছন থেকে কুড়াল দিয়ে চাঁন মিয়ার মাথায়, ঘাড়ে ও হাতে কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পরপরই পুলিশ সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের গ্রেপ্তারের জন্য বিভিন্নস্থানে অভিযান চালায়। কিন্তু পুলিশ কাউকে ধরতে পারেনি। এদিকে চাঁন মিয়াকে কুপিয়ে জখম করার ঘটনায় তার স্ত্রী রুনা আকতার বাদী হয়ে ৫ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জনের নামে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে চাঁনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, ঘটনার পর পরই একাধিক স্থানে অভিযান চালানো হলেও জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চাঁন মিয়ার লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন: অন্যদিকে বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রবিউল ইসলাম (১৭) নামের এক স্কুলছাত্র খুন হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের উত্তর গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসা মৃত ঘোষণা করেন। রবিউল ইসলাম ওই এলাকার নওশাদ আলীর ছেলে ও টেকনিকাল ট্রেনিং সেন্টার বগুড়া নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিষয়গুলো নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া। স্থানীয়রা জানান, রাতে রবিউল কিছু কাজ শেষে তার নিজ বাড়িতে ফিরছিল। এ সময় দুর্বৃত্ত কিছু যুবক তাকে নিজ বাড়ির সামনে ধাওয়া করে উপর্যপুরি ছুরিকাঘাত করে। নিজেকে বাঁচাতে নিজ বাড়ি থেকে প্রায় ২০০ গজ দৌঁড়ে গিয়ে পড়ে যায় ও জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইন্সপেক্টর সুজন মিয়া জানান, ঘটনাস্থল ঘিরে আমরা অভিযান চালাচ্ছি। এখনও খুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি। দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে।
