আলো ডেস্ক: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউপি নির্বাচনের পর প্রতিদ্ব›দ্বী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ আটজনকে আটক করেছে। গত শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের মহিষখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্যপদে সাখাওয়াত মন্ডল (টিউবওয়েল প্রতীক) ও বুলু শেখ (বল প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোট গ্রহণের পর সাখাওয়াত মন্ডল নির্বাচিত হন। এরপর বিজয় মিছিল করলে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পরাজিত সদস্য প্রার্থী বুলু শেখ থানায় একটি লিখিত অভিযোগ করেন। সংঘর্ষ চলাকালে মহিষখোলা গ্রামে নবনির্বাচিত সদস্য সাখাওয়াত মন্ডল, শামসুর রহমান ও ইসমাইল শেখের বাড়িতে ভাঙচুর করা হয়। এ সময় হামলাকারীরা দুইটি মোটরসাইকেল, একটি ইজিবাইক ভাঙচুরসহ ব্যাপক তাণ্ডব চালায়।
আহতদের মধ্যে কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে কালিয়া থানার পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
