আলো ডেস্ক: ঈশ্বরদী-পাবনা মহাসড়কের আটমাইলে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলা ছাত্রদলের সাবেক নেতাসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা জেলা ছাত্রদলের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম বিশ্বাস (২৭) এবং তার সহকর্মী সুমন ঘোষ।
নিহত আরিফ বিশ্বাস পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার নুরুল ইসলামের ছেলে এবং সুমন একই এলাকার শ্যামল ঘোষের ছেলে। নিহতরা ঈশ্বরদী উপজেলার কালিকাপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ সান্যাল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, মোটরসাইকেলে করে ওই দুজন পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল এলাকা পাড় হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই সুমন ঘোষ মারা যান। আহত আরিফ বিশ্বাসকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যাত্রীবাহী বাস ও চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
