আলো ডেস্ক: হবিগঞ্জের লাখাইয়ে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ইসহাক মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত আটজন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব বামৈ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ওই গ্রামের বাসিন্দা গোলাপ মিয়া এবং ইউপি সদস্য শের আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে।
গতকাল শুক্রবার সকালে গোলাপ মিয়ার ছেলে মুরাদ মিয়া (৭) এবং ইউপি সদস্য শের আলীর ভাই হেকিম মিয়ার ছেলে আকিজ মিয়ার (৮) মধ্যে ক্রিকেট খেলতে গিয়ে ঝগড়া হয়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষ থামাতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ইসহাক মিয়া। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
লাখাই থানার ওসি এমএন মিয়া জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রেমঘটিত বিরোধের জেরে আতিকুল ইসলাম (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আতিকুল উপজেলার ছাতিয়ান গ্রামের শামসুল হকের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় একটি মাহফিলে যায় আতিকুল। মাহফিল শেষে রাত ২টার দিকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার সকলে সে মারা যায়। মাধবপুর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে জানা গেছে প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে কয়েকজন কিশোর তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
