আলো ডেস্কঃ গত শনিবার টিজার প্রকাশের পরপরই ভারতের দক্ষিণের ছবি ‘সর্দার’-এ দেখা মিলেছিল বাংলাদেশের জেলখানা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের। তখনই ধারণা করা হয়েছিল, হয়তো ছবির একটা অংশে বাংলাদেশের গল্প দেখা যাবে। ২১ অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি দেখে সেটাই সত্যি বলে জানালেন ভারতীয় দর্শকরা। বক্স অফিসেও ছবিটি বাজিমাত করেছে।
গতকাল পর্যন্ত ব্যবসা করেছে ৭৫ কোটি রুপিরও বেশি। শুধু তাই নয়, ‘সর্দার’ ফের বলিউডের ছবিকেও টেক্কা দিয়েছে। ‘রাম সেতু’ ও ‘থ্যাংক গড’কে পাশ কাটিয়ে এখন দীপাবলিতে আয় করা সেরা ছবির তকমা ছিনিয়ে নিয়েছে ছবিটি। কেন ‘সর্দার’ এত ভালো করল বক্স অফিসে? এই প্রশ্নের উত্তরে সমালোচকরা মনে করছেন, ছবির কাহিনিই সাফল্যের মূল চাবি, যার পটভূমিতে মিশে আছে বাংলাদেশ।
পুলিশ অফিসার বিজয়কে নিয়ে ছবির গল্প। বিজয়ের বাবা ছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর কর্মকর্তা। দেশদ্রোহী তকমা পাওয়া বিজয়ের বাবা অনেক দিন ধরেই ছিলেন লাপাত্তা। এর মধ্যে ‘র’-এর এক গোপন নথি চুরি হয়ে যায়। সেই ঘটনার তদন্তে নেমে বিজয় জানতে পারে তার বাবা ৩২ বছর ধরে বাংলাদেশের জেলখানায় বন্দি।
কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজয় জানতে পারে একের পর এক চমকপ্রদ ঘটনা। যদিও দক্ষিণের কিছু প্রতিবেদন বলছে, তামিল সিনেমা তাদের শিকড় ছেড়ে বেশি দূরে যায় না। তাই বাংলাদেশ প্রসঙ্গক্রমে এলেও ‘সর্দার’ আসলে দক্ষিণী রসায়নেই নির্মিত। ব্যবসা সফল হওয়ার মূল কারণই সেটা।
