আলো ডেস্ক: দুই বোনের সঙ্গে দুই বন্ধুর প্রেম, বন্ধুত্ব গড়ায় শত্রুতায়; সেই দ্বন্দ্বের জেরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক বন্ধুর ছুরিতে খুন হয়েছেন আরেকজন। গত শনিবার রাতে উপজেলার আছিম ইউনিয়নের হুরবাড়ি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। ফুলবাড়িয়া থানার এসআই মো. হানিফ মিয়া জানান, নিহত মামুন হাসান (২১) উপজেলার আছিম ইউনিয়নের হুরবাড়ি গ্রামের আবদুল হাইয়ের ছেলে।
আর তার বন্ধু শাকিল মিয়া (২২) একই উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের আবদুল মালেকের ছেলে। খুনের ঘটনায় শাকিলকে পুলিশ গ্রেপ্তার করেছে। এসআই হানিফ মিয়া বলেন, “দুই বোনের সাথে প্রেমের সম্পর্ক ছিল মামুন ও শাকিলের। মামুনের প্রেম ছিল বড় বোনের সাথে, আর শাকিলের প্রেম ছোট বোনের সাথে। কিন্তু ওই প্রেম নিয়েই দুই বন্ধুর বিরোধ তৈরি হয়।
“গতকাল (শনিবার) রাতে মামুন আর শাকিলের দেখা হলে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মামুনকে ছুরিকাঘাত করে শাকিল। স্থানীয়রা মামুনের চিৎকার শুনে এসে শাকিলকে আটক করে। কিছুক্ষণের মধ্যে মামুন ঘটনাস্থলেই মারা যায়।
“ খবর পেয়ে পুলিশ গিয়ে মামুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ গতকাল রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গ্রেপ্তার শাকিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে এসআই হানিফ বলেন, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
