তথ্য বিবরণী
বাংলাদেশ আওয়ামীলীগ নারীদের রাজনীতিতে অংশ গ্রহণের মাধ্যমে নারী ক্ষমতায়নের সূচনা করে। শেখ হাসিনা নারীদের মর্যাদার আসনে বসিয়েছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) সাপাহার উপজেলার তিলনা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৩নং তিলনা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে এদেশের স্বাধীনতা বিরোধীরা নারীদের পাকবাহিনীর হাতে তুলে দিয়েছিল। সেই স্বাধীনতা বিরোধীরা ১৫ আগস্ট নারী ও শিশুদের নির্মম ভাবে হত্যা করেছিল। সেই কুচক্রী মহলের ষড়যন্ত্র এখনও চলছে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশ শেখ হাসিনার হাতে নিরাপদ। তিনি দেশের প্রতিটি প্রান্তে উন্নয়ন করেছেন। নারীদের জন্য সামাজিক নিরাপত্তার বলয় সম্প্রসারিত করেছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও উপবৃত্তির পাশা পাশি সব ধরনের সুযোগ সৃষ্টি করেছেন। কৃষকের জন্য ভর্তূকি মূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে সরকার।
জ্বালাও পোড়াও করে জনগণের শান্তি বিনষ্ট করলে সরকার বসে থাকবেনা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মাঠে নামলে বিএনপির আন্দোলন সংগ্রাম পূর্বের ন্যায় হাওয়ায় মিশে যাবে।
দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনগণের কষ্ট হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, খাদ্যবান্ধব ও ও এমএস কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা দিয়ে জনগণের কষ্ট লাঘব করার চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনা দরিদ্র অসহায় গৃহহীনদের পাকা বাড়ি করে দিয়েছেন। প্রধানমন্ত্রী বাংলার মানুষের জন্য নিরলস কাজ করছেন, সকলের উচিত তাঁকে সমর্থন করা। এসময় তিনি দলের নেতাকর্মীদের জনগণের পাশে থাকারও নির্দেশনা দেন।
তিলনা মহিলা আওয়ামীলীগের সভাপতি রোজিনা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাপাহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শামসুল আলম শাহ চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন।
সম্মেলন উদ্বোধন করেন সাপাহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাহিমা বেগম। প্রধান বক্তা ছিলেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা।
