আলো ডেস্ক: জ্বালানির অপ্রাপ্যতা, বিদ্যুৎ সরবরাহে চরম বিপর্যের সব দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেছে বিএনপি। গতকাল বুধবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়। তিনি বলেন, গত ২৪ অক্টোবর সোমবার, রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বর্তমান সরকারের পদত্যাগ দাবি করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, সভায় জ্বালানির তীব্র সংকট সৃষ্টি হওয়ায় ব্যবসায়ীদের উদ্বেগ, জ¦ালানি উপদেষ্টার অসহায় মন্তব্যের বিষয়ে আলোচনা হয়। সভা মনে করে সীমাহীন দুর্নীতি, অযোগ্যতা ও অব্যস্থাপনার কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সভায়, ২৪ অক্টোবর সিত্রাং নামক ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় প্রায় ৩০ জনের প্রাণহানী ও অসংখ্য বাড়ি-ঘর ধ্বংস, মৎস্য খামার ও ফসল বিনষ্ট হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। নিহতদের প্রতি শোক প্রকাশ করা হয় এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণের দাবি জানানো হয়।
দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয় দলের সব স্তরের নেতাকর্মীদের। মির্জা ফখরুল বলেন, দলীয় সভায় চলমান আন্দোলনের অংশ হিসেবে ২২ অক্টোবর খুলনায় অনুষ্ঠিত সমাবেশের বিষয়ে আলোচনা হয়। সভায় আওয়ামী সন্ত্রাসীদের পদে পদে বাধা, হামলা, পুলিশের গ্রেপ্তারকে উপেক্ষা করে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য খুলনা বিভাগের বীর জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ২ দিন আগে সরকারি যোগসাজসে স্থলপথ ও জলপথ পরিবহন ধর্মঘট আহবানের তীব্র নিন্দা জানানো হয়। কোনো বাস, ট্রাক, থ্রি হুইলার, লঞ্চ, নৌকা চলাচল করতে না দেওয়ার পরেও কর্মসূচির আগের রাতেই সভাস্থলে সাহসী জনগণের অবস্থান এবং পরের দিন জনতার ঢলে পুরো খুলনা শহরে জনতার উত্তাল তরঙ্গ সৃষ্টির জন্য খুলনা মহানগরসহ সব জেলা, পৌরসভায় দলের এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ও জনসাধারণকে অভিনন্দন জানানো হয়। আগামী সমাবেশগুলোকে সফল করার লক্ষে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহবান জানানো হয়।
তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সভায় বাংলাদেশ ব্যাংকের পূর্বাভাসে ২০২৩ সালে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়াবে ১১৫ বিলিয়ন ডলারে, ২০২২ সালে এই ঋণ পরিশোধেই ব্যয় হবে ২৩ বিলিয়ন ডলার- এই পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভা মনে করে, অনির্বাচিত সরকারের গৃহীত তথাকথিত মেগা প্রজেক্ট এবং প্রয়োজন নয় এমন সব প্রকল্প গ্রহণ, সুষ্ঠু কোনো পরিকল্পিত নীতি ব্যতিরেকে উচ্চ সুদে ঋণ গ্রহণ, আন্তর্জাতিক ঋণ প্রদানকারী সংস্থাগুলোকে এড়িয়ে ব্যক্তিস্বার্থে ঋণ গ্রহণ অর্থনীতিতে গভীর সংকট সৃষ্টি করেছে। এর দায়ভার নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। সভায়, অর্থ বরাদ্দ না থাকায় ২০২২-২৩ অর্থ বছরে সামাজিক সুরক্ষা কর্মসূচি কার্যক্রম ‘বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী পরিত্যক্ত নিগৃহীত মহিলা ভাতার জন্য নতুন তালিকাভুক্তি বন্ধ করায় অনির্বাচিত সরকারের তীব্র সমালোচনা করা হয়।
