আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ফাহমিনা বেগম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফাহমিদা বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জিয়ানগর গ্রামের মৃত তবজুল হকের স্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ককটেল বিস্ফোরণে ফাহমিনা বেগম ও তার ছেলে শহিদুল ইসলাম শহিদ (৪৩) আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গতকাল সোমবার বিকেলে ফাহমিনা মারা যান। তার ছেলে শহিদুল ইসলাম এখনো চিকিৎসাধীন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের জেলা সদর পৌর এলাকার উদয়ন মোড়-জিয়ানগর এলাকার তবজুল হকের বাড়িতে হঠাৎ ককটেল বিস্ফোরণ হয়। এতে গুরুতর আহত হন ফাহমিনা বেগম ও তার ছেলে শহিদুল।
এ ঘটনায় রাতেই তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও দু-তিনজনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই অমিত কুমার পান্ডে। ওই মামলায় মা ও ছেলে দুজনই আসামি ছিলেন। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি আলমগীর জাহান।
