আলো ডেস্ক: ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ এলাকা। বন্যা, খরা, ভূমিধ্বস, টর্নেডো, শৈত্যপ্রবাহ, ঘূর্ণিঝড়, জলোচ্ছাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর ব্যাপক সম্পদ ও প্রাণহানি ঘটে। এর মধ্যে ধেয়ে এসেছে ঘূর্ণিঝড় সিত্রাং। এ অবস্থায় সরকার ও সরকারি প্রশাসনকে কার্যকরী ও জরুরি সম্মিলিত পদক্ষেপ নেওয়ার জন্য আহবান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া এ আহবান জানান।
তারা বলেন, দুর্যোগকালে জনগণকে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রশাসনকে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। ঘূর্ণিঝড়ে জনগণের করণীয় বিষয়গুলো জনসচেতনতা সৃষ্টিতে ও ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। যার পরিপূর্ণ দায়িত্ব সরকারি প্রশাসনের। ঘূর্ণিঝড়ে যেন জনগণের ক্ষয়ক্ষতি কম হয় ও ঘূর্ণিঝড় পরবর্তীসময়ে ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ তৎপর থাকতে হবে।
একই সঙ্গে তাদের দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নিতে হবে, যেন এ ঘূর্ণিঝড়ে জানমালের সম্পদের ক্ষয়ক্ষতি সর্বোচ্চ কমানো যায়। আশ্রয়কেন্দ্রে নারী-পুরুষ শিশুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিশু খাদ্য বয়স্কদের খাদ্য নিশ্চিত করতে হবে। তারা যেন অভুক্ত অনাহারে না থাকে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে। দুর্যোগ কেটে যাওয়ার পর যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো দ্রুত নিরসন করে লোকালয় বাসযোগ্য করতে এখনই পরিকল্পনা নিতে হবে।
তারা আরও বলেন, ঝড়ের সময় যেন মানুষ ও গবাদিপশু আহত না হয় তার দিকে সর্বোচ্চ নজর দিতে হবে। খাবার উপযোগী পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। মনে রাখতে হবে টেকসই ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সম্মিলিত প্রয়াসের কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগের ওপর মানুষের কোনো হাত নেই। যে কোনো দুর্যোগে জানমালের ক্ষতি কমিয়ে আনতে পূর্ব প্রস্তুতি ও সচেতনতার কোনো বিকল্প নেই।
