আলো ডেস্কঃ দেশে বর্তমানে বিদ্যুৎ সংকট চলছে। আর এই সংকটের জন্য সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চুরির কারণে দেশে বিদ্যুৎ নেই, রিজার্ভ নেই। সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আজকে দেশে বিদ্যুৎ নেই। বলা হচ্ছে দেশে না কি বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পন্ন। তাদের না কি এখন পয়সা নেই। তাহলে ৪২ বিলিয়ন রিজার্ভ গেলো কোথায়? তৌফিক ইলাহী বলেছেন- দিনে বিদ্যুৎ দিতে পারবো না, রাতে দিতে পারবো।
এ হলো উন্নয়নের রোল মডেল? আওয়ামী লীগ দেশের ক্ষতি ও ধ্বংস সাধন করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তারা দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে। তারাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৩ দিন হরতাল করেছিল। আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিয়েছিলাম। সেই সরকারের অধীনে নির্বাচন কিন্তু সবাই মেনে নিয়েছে। এখন আওয়ামী লীগ সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে বিচার বিভাগকে ব্যবহার করে। তিনি আরও বলেন, আমাদের আওয়ামী লীগের হাত থেকে রক্ষা করতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। আজকে ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
অসংখ্য সাংবাদিক ও বুদ্ধিজীবীকে আটক করেছে। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই বাংলাদেশ চেয়েছিলেন সেই সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়বো। সুশাসন ও সততার মধ্য দিয়ে দেশকে পরিচালনা করবো। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে বর্তমান যুদ্ধে জয়লাভ করবো। তরুণদের এগিয়ে আসতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, আজকে দেশ না কি বিদ্যুতের উৎপাদনে ভেসে যাচ্ছে। কেন এত লোডশেডিং? তো এত বিদ্যুৎ গেলো কোথায়? সরকারের জ্বালানি উপদেষ্টা কেন বললেন দিনে বাতি বন্ধ করতে হবে? বাংলাদেশ না কি বিদ্যুতে স্বয়ং সম্পন্ন? হাতিরঝিলে বিদ্যুৎ উৎপাদন নিয়ে উৎসব পালন করা হয়েছিল। এত বিদ্যুৎ গেলো কোথায়? তিনি আরও বলেন, জিয়াউর রহমান এমন সময় দেশে আবির্ভূত হয়েছিলেন যখন যুদ্ধের দামামা চলছিল।
কেউ নেতৃত্বে নেই। তখন একজন অখ্যাত মেজর জিয়াউর রহমানের কণ্ঠে ভেসে আসে স্বাধীনতার ঘোষণা। যা দেশবাসীকে উজ্জীবিত ও উদ্বেলিত করে তুলেছিল। তিনি সবাইকে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আহ্বান জানান। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীনের পর তিনি আবারও সেনাবাহিনীতে ফিরে যান। আবারও ৭ নভেম্বর দেশের সংকটকালে তিনি নেতৃত্ব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। মির্জা ফখরুল বলেন, আজকে আওয়ামী লীগ জিয়াউর রহমানের বিরুদ্ধে কুৎসা রটনা করে। কারণ তিনি তো আওয়ামী লীগের ব্যর্থতা থেকে দেশকে উদ্ধার করেছিলেন। সেজন্য মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম বলেছেন, যদি জিয়াউর রহমান মে মাসের আগে মারা যেতেন তাহলে আরও কঠিন পরিণতি ভোগ করতে হতো। হেনরি কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি।
কিন্তু জিয়াউর রহমান সেখান থেকে দেশকে স্বয়ংসম্পন্ন করে বিদেশে খাদ্য রপ্তানি করেছিলেন। তিনি নতুন প্রজন্মকে স্বপ্ন দেখিয়েছেন। আশা জাগিয়েছেন। পথে পথে ঘুরে জনগণকে জাগিয়ে তুলেছেন। বিএনপির মহাসচিব বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাতে কলমে কাজ করেছেন। তারই উত্তরসূরি দেশনেত্রী খালেদা জিয়া। যিনি বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা তুলে ধরে সারা বাংলা ঘুরে বেরিয়েছেন। নয় বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এখন তিনি গৃহবন্দি। পতাকা কিন্তু থেমে নেই। আজকে সেই পতাকা তুলে নিয়েছেন তাদেরই সন্তান তারেক রহমান। তিনি ৮ হাজার মাইল দূরে থেকেও নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে দেশের জনগণ জেগে উঠেছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ১৯৯৯ সালের ১৮ অক্টোবর জেডআরএফ প্রতিষ্ঠিত হয়। এ সংগঠনের প্রেসিডেন্ট তারেক রহমান ভার্চ্যুয়াল বক্তব্য দেন। অনুষ্ঠানে জেডআরএফ প্রতিষ্ঠার পর থেকে যেসব মানবসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে তার একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে পাওয়ার লাইজ ইন দ্য ব্যাটল অব দ্য গান। অর্থাৎ তারা বন্দুকের শাসনে বিশ্বাসী। সেজন্যই তারা আমাদের ৫ জন মানুষকে গুলি করে হত্যা করেছে। তিনি বলেন, দেশের এখন ক্রান্তিকাল চলছে।
স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও এমন পরিস্থিতি হবে এটা কল্পনাতীত। প্রত্যাশা ছিল জাঁতি স্থিতিশীল অবস্থায় থাকবে। কিন্তু তা হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার। তার সম্পর্কে নতুন প্রজন্মকে আরও বেশি জানতে হবে। তিনি ভোর থেকে রাত পর্যন্ত কাজ করতেন। ড. আবদুল মঈন খান বলেন, জিয়াউর রহমান একজন অসীম ক্ষমতাধর প্রেসিডেন্ট, যার কথায় দেশ চলতো। সেই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে পরামর্শ করেছিলেন দেশের এনার্জি পলিসি নিয়ে। এরপর তিনি দেশে সর্বপ্রথম মুক্তবাজার অর্থনীতি চালু করেছিলেন। যার ফলশ্রুতি আজকে বাংলাদেশের সমৃদ্ধ অর্থনীতি। আর আওয়ামী লীগ এটা নিয়ে গলা ফাটিয়ে দিচ্ছে।
তারা ৪২ বিলিয়ন রিজার্ভ নিয়ে গর্ব করে। এসব কোত্থেকে এসেছে। এগুলো এসেছে গার্মেন্টস থেকে। এর গোড়াপত্তন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যিনি গার্মেন্টস প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ থেকে একটি টিম জার্মানিতে পাঠিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। ফলে ‘দেশ গার্মেন্ট‘স নামে প্রথম গার্মেন্টস প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে। যার হাত ধরে আজকে দেশে অসংখ্য গার্মেন্টস প্রতিষ্ঠিত হয়েছে। এইসব হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। তিনি বলেন, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের পরিচিতি তুলে ধরার জন্য বৈদেশিক নীতিতে আমূল পরিবর্তন করেন জিয়াউর রহমান। তার সাহসী নেতৃত্বে বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথম সদস্য হয়েছিল।
মধ্যপ্রাচ্যে সংকট সমাধানে আল কুদস কমিটির সদস্য ছিল বাংলাদেশ। তিনি দেশের মানুষকে স্বাক্ষরজ্ঞান সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিলেন। সাবেক এই মন্ত্রী বলেন, বিশ্বের বহু দেশে সামরিক শাসন জারি করে সেনাবাহিনী। বাংলাদেশে সামরিক শাসন জারি করে গণতন্ত্রকে ধ্বংস বিএনপি করেনি, বরং আওয়ামী লীগ করেছিল। তারা সংসদে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। এটা সামরিক শাসনের চেয়েও খারাপ। জিয়াউর রহমান সামরিক শাসন জারি করে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি বলেছিলেন, জনগণই ক্ষমতার উৎস। দেশনেত্রী খালেদা জিয়া নিজেও সেই ধারা অব্যাহত রেখেছিলেন। এরপর বাংলাদেশের গণতন্ত্রের ওপর নানা ঘটনা ঘটেছে।
এখন তো দেশে গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে আছি। বিএনপি ক্ষমতা ও অর্থনীতির জন্য রাজনীতি করে না। দেশের মানুষের জন্য রাজনীতি করে, যা আমাদের শিখিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কারণ ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। ড. মঈন খান বলেন, আজকে দেশ নাকি বিদ্যুতের উৎপাদনে ভেসে যাচ্ছে। কেন এত লোডশেডিং? তো এত বিদ্যুৎ গেলো কোথায়? সরকারের জ্বালানি উপদেষ্টা কেন বললেন দিনের বেলা বাতি বন্ধ করতে হবে? বাংলাদেশ নাকি বিদ্যুতে স্বয়ংসম্পন্ন? হাতিরঝিলে বিদ্যুৎ উৎপাদন নিয়ে উৎসব পালন করা হয়েছিল!
তো এত বিদ্যুৎ গেলো কোথায়? জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম ও ব্যারিস্টার মীর হেলালের পরিচালনায় আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, মোস্তফা কামাল মজুমদার ও রিয়াজুল ইসলাম রিজু, ডা. পারভেজ রেজা কাকন, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু ও আবদুল মোনায়েম মুন্না প্রমুখ। আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ডা. এএস হায়দার পারভেজ, অধ্যাপক ড. আবদুল করিম, অধ্যাপক ড. মো. আবদুর রশিদ, কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম,
গোলাম হাফিজ কেনেডী, কামরুজ্জামান রতন, কাদের গণি চৌধুরী, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, এটিএম আবদুল বারী ড্যানী, অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ডা. একেএম মাসুদ আখতার জীতু, ডা. মো. ফখরুজ্জামান ফখরুল, প্রকৌশলী মাহবুব আলম, কেএম আসাদুজ্জামান চুন্নু, খান মো. মনোয়ারুল ইসলাম শিমুল, ড. খায়রুল ইসলাম, কৃষিবিদ শফিউল আলম দিদার, কৃষিবিদ কেএম সানোয়ার আলম, মিসেস শামীমা রাহিম, ডা. সাজিদ ইমতিয়াজ, প্রকৌশলী মো. আইয়ুব হোসেন মুকুল, রাকিবুল ইসলাম, আসিফ হোসেন রচি অধ্যক্ষ শাহ মোহাম্মদ নেছারুল হক, মো. মোস্তাফিজুর রহমানসহ জেডআরএফের বিভিন্ন পর্যায়ের নেতারা।
