স্টাফ রিপোর্টার
নগরীর উপকন্ঠ কাটাখালী থানাধীন টাংগন প‚র্ব পাড়ায় রমরমা মাদকের ব্যবসা চালিয়ে আসছে জাহিদ (৩০) নামের এক যুবক। বড় ভাই আরিফুল ইসলাম (মাখন) ১ নং ইউসুফপুর ইউনিয়নের চেয়ারম্যান। বড় ভাই ইউসুফপুর ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার সুবাদে নির্দ্বিধায় বাড়িতে বসেই দিন, রাত মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, জাহিদ বাড়িতে বসেই ফেনসিডিল, ইয়াবা ও গাজার ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুুলি দেখিয়ে। বড় ভাই আরিফুল ইসলাম (মাখন) চেয়ারম্যান হওয়ার পর থেকেই মাদক ব্যবসায় মরিয়া হয়ে উঠেছে জাহিদ। অনেক আগে থেকেই মাদকের ব্যবসা জাহিদের একমাত্র কর্ম। কাটাখালী থানায় মাদক ব্যবসায়ী হিসেবে জাহিদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। খুচরা ব্যবসার পাশাপাশি পাইকারি ব্যবসার সাথে জড়িত এই মাদক সম্রাট জাহিদ।
দেশের বিভিন্ন জেলায় বিশেষ করে ঢাকা, চট্টগ্রামে তার ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটের বড় বড় চালান যায় প্রতিনিয়ত। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, বড় ভাই আরিফুল ইসলাম মাখন চেয়ারম্যান হওয়ার পর থেকে মাদক ব্যবসার লাইসেন্স পেয়ে গেছে জাহিদ। বাড়ির বারান্দায় বসে খোলা জায়গায় ফেনসিডিল, ইয়াবা ও গাজা খুচরা বিক্রি করে। এবং মাদক সেবনকারীদের জাহিদ বলে আমার বাড়িতে কোন প্রশাসন আসবেনা। আপনারা নিশ্চিন্তে আমার বাড়িতে ফেনসিডিল সেবন করতে পারবেন।
প্রতিদিন শহর থেকে প্রায় ৫০ থেকে ১০০টা মোটরসাইকেল জাহিদের বাড়িতে ভিড় জমায় মাদক সেবনের জন্য। মোটরসাইকেল এর পাশাপাশি প্রাইভেট কার ও মাইক্রোবাসে লোকজন আসে মাদক সেবনের জন্য। বর্তমানে এক বোতল ফেনসিডিলের দাম প্রায় ৩ হাজার টাকা। ২০০ থেকে ৩০০ বোতল ফেনসিডিল জাহিদ বাড়ির বারান্দাতে বসেই বিক্রি করে। এই ফেনসিডিলের টাকা যোগান দিতে যুব সমাজ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে পড়ছে। ছিনতাই, অপহরণ সহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে কিশোর ও যুব সমাজ।
জাহিদের বাড়ির পাশে রয়েছে মসজিদ। মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার সময় মাদক সেবীদের ভিড়ে সমস্যার সম্মুখীন হতে হয় মুসল্লিদের বলেও জানান স্থানীয়রা। এ বিষয়ে ১ নং ইউসুফপুর ইউনিয়ন চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখনের মুঠোফোনে ফোন দেয়া হলে, তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
