আলো ডেস্ক: দলের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে ক্ষসতাসীনরা ‘পিপলস ফোবিয়া’ রোগে আক্রান্ত হয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। যে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে। জনস্রোত দেখে সরকার বিএনপি কর্মীদের ওপর হামলা, মামলা ও বাধা দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। বিএনপির কর্মসূচিতে সহযোগিতার নামে ক্ষমতাসীনদেন ডাবল স্ট্যান্ডার্ড মনোভাব প্রকাশ পেয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বিদ্যুতের লোডশেডিং, নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও খুলনায় বিভাগীয় সমাবেশ নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
এ সময় দলের স্থায়ী কমিটির দুই সদস্য আমির খসরু ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, আগামীকাল (আজ শনিবার) খুলনায় আমাদের বিভাগীয় সমাবেশ আছে। এই সমাবেশকে কেন্দ্রে করে সরকার এরইমধ্যে একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে খুলনায়। তারা পথে পথে নেতাকর্মীদের ও সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে। খুলনার সমাবেশে যেন বাধা সৃষ্টি করা না হয় তার জন্য আমি আহবান জানাচ্ছি। যদি কোনো রকম সমস্যা তৈরি হয় তার সব দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে। এটা প্রমাণিত হবে যে, এই সরকার আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না, আমাদের সভা-সমাবেশ তারা করতে দিতে চায় না।
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, শুধু তাই নয়, গতকাল (গত বৃহস্পতিবার) রাতে তারা আমাদের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যে বাসায় অবস্থান করছেন সেখানে পুলিশ রেইট করেছে এবং সেখান থেকে ১৯ জনকে গ্রেপ্তার করেছে। আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে পথে পথে যাকে যেখানে পাওয়া যাবে তাকে সেখানে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল (গত বৃহস্পতিবার) তারা রামদা, লাঠি-সোঠা অস্ত্র নিয়ে সো-ডাউন করেছে, মোটরসাইকেল নিয়ে বিভিন্নভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। আমি এ গ্রেপ্তার ও সন্ত্রাস সৃষ্টি করবার যে প্রচেষ্টা তার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি এবং অবিলম্বে গ্রেপ্তারদের মুক্তির দাবি জানাচ্ছি।
জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলা, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, যশোরের পুলিশের গুলিতে পাঁচজন নিহত এবং সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার দুপুরে খুলনায় সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় সমাবেশ হবে। সমাবেশ উপলক্ষে শুক্র ও শনিবার গণপরিবহন ধর্মঘটের পেছনে সরকারের হাত রয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, আজ (গতকাল শুক্রবার) সব গণপরিবহন তারা বন্ধ করে দিয়েছে। খবর পেয়েছি যে, ট্রেন, লঞ্চও বন্ধ করছে। কিন্তু এটাতে সাধারণ মানুষের যে জীবনযাত্রা তাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে ব্যাহত করছে। এখানে প্রমাণিত হয়েছে যে, সরকার চায় না মানুষ একটা গণতান্ত্রিক উপায়ে তাদের কথা, বক্তব্য, প্রতিবাদ প্রকাশ করুক।
তারা একটা সংঘাতের মধ্য দিয়ে চলে যাওয়া প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সরকারকে এ রাস্তা থেকে ফিরে এসে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য আহবান জানাচ্ছি। মির্জা ফখরুল বলেন, খুলনায় নিশ্চয়ই আপনাদের প্রতিনিধিরা আছেন, তাদের কাছ থেকে জানতে পারবেন। আজকের পত্র-পত্রিকায় রিপোর্ট আপনারাই করেছেন।
প্রত্যেকটা পত্র-পত্রিকায় যে কীভাবে তারা একটা রেইন অব ট্রেরর সৃষ্টি করতে চাচ্ছে। এটা তারা ময়মনসিংহে করেছিল, চট্টগ্রামে করেছিল। বাট নাথিং ওয়াট। কারণ তো একটাই। সরকার জনভীতি রোগে ভোগে। এটা হচ্ছে পিপলস ফোবিয়া রোগ হয়েছে তাদের। মানুষ দেখলেই ভয় পায়। যে কারণে তারা নির্বাচনগুলো ওইভাবে করে যেন করে জনগণকে বাদ দিয়ে করা যায় সেই পদ্ধতিতে তারা নির্বাচন করছে। রাষ্ট্র চালাতে চায় তারা মানুষকে বাদ দিয়ে।
