আলো ডেস্ক: বগুড়ায় পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় ভ্যানে থাকা চার বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত শিশুর নাম পরিচয় জানা যায়নি। আহতরা হলেন, পারভিন আক্তার (৩০) ও ওমর ফারুক (৪০)। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি ভ্যানে চড়ে ওই শিশুসহ আহতরা শেরপুরের গাড়িদহ স্ট্যান্ড থেকে মহিপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় এক ডেইরি ফার্মের সামনে বগুড়াগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) জয়নাল আবেদীন জানান, ট্রাকটি চাপা দিয়ে পালিয়ে যাওয়ায় আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি। আহতরা চিকিৎসাধীন আছেন। নিহত শিশুর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
অন্যদিকে, বগুড়ার ধুনট উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে রনজু মিয়া (৬৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা এক দম্পতিসহ তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ধুনট-জোড়শিমুল সড়কের ধুনট সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনজু মিয়া সারিয়াকান্দি উপজেলার চরপাড়া-মথুরাপাড়া গ্রামের হোসেন আলী প্রামানিকের ছেলে। তিনি শেরপুর এলাকায় দিনমজুরের কাজ শেষে বাড়ি ফিরছিলেন।
দুর্ঘটনায় আহতরা হলেন, সারিয়াকান্দি উপজেলার কড়িতলা এলাকার মনির হোসেনের ছেলে দুদু সরকার (৬২), মথুরাপাড়া এলাকার অসিম উদ্দিনের ছেলে বোচা মন্ডল (৬৫) ও তার স্ত্রী কোহিনূর খাতুন (৫৮)। আহত দুদু সরকার জানান, সকাল ৮টার দিকে শেরপুর থেকে চারজন যাত্রী নিয়ে অটোরিকশাটি সারিয়াকান্দি কড়িতলা এলাকার দিকে রওনা হয়। পথে সকাল ৯টার দিকে ধুনট সরকারি ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ভাটভটির সঙ্গে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
এ সময় আহত ব্যক্তিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিহাবুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিয়ে আসা রনজু মিয়াকে চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। আহত দুদু সরকারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বোচা মন্ডল ও কোহিনূর খাতুনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল থেকে সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে অটোরিকশার চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
