তথ্যবিবরণী বাঙালি শেখ হাসিনার নেতৃত্বে দৃপ্ত পদে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম, এমপি।
গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার কালুহাটী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সকল চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশ আজকের জায়গায় এসে পৌঁছেছে। জাতিসংঘের ১৯৩টি দেশের অধিকাংশের মধ্যে বাংলাদেশের আমদানিনির্ভরতা কম। তিনি বলেন, করোনা মোকাবিলা করতে যেয়ে যেখানে পশ্চিমা দেশগুলোর অর্থনীতি সংকুচিত হচ্ছে, সেখানে আইএমএফ-এর মতে চলতি বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে নারীর যে ক্ষমতায়ন হয়েছে তার ভূয়সী প্রশংসা করে শাহ্রিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রী উন্নয়নের যে মুকুট অর্জন করেছেন তাঁর সেই মুকুটের একটি পালক হল নারীর ক্ষমতায়ন। তবে করোনাকালে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে এটা শুধু অর্থনৈতিক নয়, স্বাস্থ্যগত নয়, সামাজিক অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের। করোনার সময় দেশে বাল্যবিবাহ বেড়ে গেছেÑ এটা আমাদের জন্য ভালো নয়। এই বিষয়ে আমাদের পুনরায় একসঙ্গে কাজ করতে হবে।
একটি উন্নত সমাজ প্রতিষ্ঠায় শিক্ষকদের দায়িত্ব নেওয়ার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সমাজে শিক্ষকদের দায়িত্ব অনেক। শিক্ষকদেরকে দায়িত্ব নিয়ে নতুন প্রজন্মকে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কখনো-ই দায়িত্বের প্রতি অবহেলা করা যাবে না। যেকোনো জায়গায়, যেকোনো পেশায় থেকে দায়িত্বের প্রতি অবহেলা এক ধরনের দুনীঁতি। তবে ছাত্র-ছাত্রীদেরও দায়িত্ব রয়েছে। তাদেরকে পড়া-লেখায় মনোযোগ দিতে হবে।
বিএনপি-জামাতের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা বিএনপি-জামাতের কাজ। তারা দেশের ভালো দেখতে পায় না, দেশের মানুষের ভালো তাদের সহ্য হয় না। তারা সারাক্ষণ সমালোচনা আর ষড়যন্ত্রে লিপ্ত।
এ সময় তিনি ২০৪১ সালে যে উন্নত বাংলাদেশ হবে সেই বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে সৎ, যোগ্য ও শিক্ষিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহবান জানান।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালুহাটী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত দ্বিতল একাডেমিক ভবন উদ্বোধন করেন। অনুষ্ঠানে চারঘাট উপজেলা চেয়ারম্যান মো. ফকরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন ও বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
