আলো ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা মাসুম আজিজের মৃত্যুতে গভীর প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুম মাসুম আজিজের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অভিনয়ের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন গুণী শিল্পী মাসুম আজিজ। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, এমপি। গতকাল সোমবার এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অভিনেতা মাসুম আজিজ আমাদের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র।
তিনি তার বহুমাত্রিক অভিনয় প্রতিভা দিয়ে দর্শকদের হৃদয়ে দীর্ঘস্থায়ী জায়গা করে নিয়েছেন। তার অভিনয় গুণ মানুষ দীর্ঘকাল মনে রাখবেন। মাসুম আজিজের মৃত্যুতে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মরহুম মাসুম আজিজের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরদেহে শ্রদ্ধা আজ: সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বরেণ্য অভিনেতা মাসুম আজিজের মরদেহ।
ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর বলেন, ডিরেক্টরস গিল্ডের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি সদ্যপ্রয়াত মাসুম আজিজের মরদেহ মঙ্গলবার বেলা ১১ থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। অভিনেতার শ্যালক ওয়াকিব বাবু এ তথ্য নিশ্চিত করেন। ১৯৫২ সালে পাবনায় জন্মগ্রহণ করেন মাসুম আজিজ।
অভিনয়ের জন্য মঞ্চ, টেলিভিশন আর সিনেমায় খ্যাতি রয়েছে তার। বিশ্ববিদ্যালয় জীবন থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত তিনি। প্রথম টিভি নাটকে অভিনয় করেছেন ১৯৮৫ সালে। দীর্ঘ অভিনয় জীবনে চার শতাধিক নাটকে কাজ করেছেন মাসুম আজিজ। অভিনয়শিল্পী পরিচয় ছাড়াও মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তার। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।
‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মাসুম আজিজ। ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন। ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়। শিল্পকলার অভিনয় শাখায় তার অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক লাভ করেন।
