বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় প্রায় ১৫টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার মচমইল বাজার কৃষি ব্যাংক মোড়ে মুদি ব্যবসায়ী সমর কুমারের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
জানা যায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং মূহুর্তের মধ্যেই আরো ১৪টি দোকানে ছড়িয়ে পড়ে। দোকান এর মধ্যে ছিল কীটনাশক, মুদি, টি-স্টল, পোশাক, ফল, সেলুন এবং জুয়েলারি। ১৫টি দোকানের মধ্যে তিনটি দোকানে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন, সমর কুমার, শংকর, কুমার, নারায়ন, মোতালেব হোসেন, পুলক কুমার, অধির কুমার, পলাশ রায়হান আলী, সবুজ, শফিকুল ইসলাম প্রমুখ।
একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে আগুনের লেলিহান শিখায় আর কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় গোটা বাজার। অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিভানোর চেষ্টা করলে তার সম্ভব না হওয়াই বাগমারা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন খবর দিলে তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং বাগমারা থানা পুলিশ খবর পেয়ে তারাও ঘটনাস্থলে পৌঁছায় ।
এসময় অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে দেখা করেন এবং তাদের সান্তনা প্রদান করেন।
এ ব্যাপারে বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ম্যানেজার মেহেদী হাসান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় ব্যবসায়ীদেরসহ উভয়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে।
