আলো ডেস্ক: লক্ষ্মীপুর পৌর এলাকা থেকে আটক হওয়া জামায়াতের সেই ছয় নারী কর্মীর মুক্তি মিলেছে। মুচলেকা নিয়ে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে, গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সন্দেহভাজন হিসেবে পুলিশের হাতে আটক হয় তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগরের রেহান উদ্দিন ভূইয়া সড়কের একটি বাসা থেকে আটক করা হয় ওই ছয় জনকে। সেখানে গোপনে বৈঠক করছিল তারা। এরা জামায়াত ইসলামের ছাত্রী সংস্থার নেত্রী। তবে পুলিশ কারও নাম-ঠিকানা প্রকাশ করেনি। লক্ষ্মীপুর সদর থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, আটক ছয় নারীর বয়স ১৫ থেকে ১৭ হবে।
তাই বিশেষ বিবেচনা ও পরিবারের উপস্থিতিতে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এ ছাড়া কঠোর সর্তক বার্তা দিয়ে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা ভবিষ্যতে আর ভুল পথে যাবে না এবং এভাবে কোনো গোপন বৈঠকে অংশগ্রহণ করবে না মর্মে মুচলেকা দিয়েছে।
