তথ্যবিবরণী
শুক্রবার (১৪ অক্টোবর) ৫২তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে ১৯৭০ খ্রি. থেকে প্রতি বছর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে- মান’ প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ দিবসটি উদ্যাপিত হচ্ছে।
এ উপলক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বিভাগীয় অফিস, রাজশাহী’র আয়োজনে সকালে বিএসটিআই সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীর স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ এনামুল হক প্রধান অতিথি হিসেবে সভায় বক্তৃতা করেন।
এনামুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণ করতে চেয়েছিলেন। আমাদের হাতে আছে সোনার মাটি, এখন তৈরি করতে হবে সোনার মানুষ। এটা কারও একার পক্ষে করা সম্ভব নয়, আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রজন্ম যাকে অনুসরণ করতে পারে তিনি হলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা কিংবদন্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি চেয়েছিলেন দুঃখি মানুষের মুখে হাসি ফোটাতে।
আমরা বিশ্ব পরিমণ্ডলের একটি অংশ উল্লেখ করে প্রধান অতিথি বলেন, বিশ্ব চাইছে সর্বক্ষেত্রে একটি মান। সকল পণ্য ও সেবার মান যেভাবে উন্নত করা যায়, সেভাবে কাজ করতে হবে। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। এক্ষেত্রে দেশীয় পণ্যকে আন্তর্জাতিক মান সম্পন্ন করে কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের দেশে বিএসটিআই কর্তৃক অনুমোদিত ২২৯টি পণ্য রয়েছে যেগুলোতে বিএসটিআই এর লোগো দেখে কোন ভয়-ভীতি ছাড়াই ক্রয় করতে পারি। আমাদের যারা ভোক্তা আছে তাদের স্বার্থের জন্য কাজ করতে হবে, তারা যেন মানসম্পন্ন পণ্য এবং সেবা পায়।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যে সমস্ত পণ্য বিএসটিআই স্ট্যান্ডার্ড সার্টিফিকেট দিচ্ছে সেগুলো ভোক্তাদের কাছে বেশি বেশি করে তুলে ধরতে হবে যাতে তারা সচেতন হতে পারে। এই ডিজিটাল যুগে কোন পণ্য বা সেবা ক্রয়ের আগে তার মান যাচাই করার জন্য ভোক্তাদের আহবান জানান তিনি।
বর্তমান সরকারকে ব্যবসা-বান্ধব সরকার উল্লেখ করে প্রধান অতিথি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, এখন উন্মুক্ত বাজার ব্যবস্থা। এখানে যদি আপনারা কোন খারাপ মানের পণ্য বাজারে নিয়ে আসেন তাহলে সেটা ভোক্তা গ্রহণ করবে ঠিকই কিন্তু একটি নির্দিষ্ট সময় পরে সেই পণ্য বাজারে টিকে থাকতে পারবে না। সেদিকে আপনাদের নজর রাখতে হবে, ভালো মানের পণ্য বাজারে নিয়ে আসতে হবে।
বিএসটিআই রাজশাহীর পরিচালক প্রকৌশলী মোঃ শফিউল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। সভায় সরকারি-বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
