আলো ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস সড়কের পাশের খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। গতকাল শুক্রবার সকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের দামোধরতপী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের আঞ্জব আলীর ছেলে টিপু মিয়া (৩৫) ও একই গ্রামের শমসের আলীর মেয়ে রুপা বেগম (১০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিলেট থেকে দিরাইমুখী শুভযাত্রা পরিবহনের একটি বাস (চট্ট-মেট্রো জ- ১১-০৫৪৮) দামোধরতপী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই টিপু মিয়া ও রুপা বেগমের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হতাহতদের উদ্ধার করে।
শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শন মো. সেলিম বলেন, লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের হস্তান্তর করা হবে।
