আলো ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে বিলাল উদ্দিন (২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন তারই আপন বড় ভাই জয়নাল আবেদীন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ৭নং নন্দিরগাও ইউনিয়নের আঙ্গারজুর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিলাল মৃত আবদুল করিমের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিলাল ও জয়নালের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিলাল স্থানীয় সালুটিকর বাজার থেকে বাড়ি ফেরার পথে তার বড় ভাই জয়নাল হামলা চালায়।
এ সময় লোহার রড দিয়ে বিলালের মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে জয়নাল। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে জয়নাল পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিলালকে উদ্ধার করে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্বত্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে, খবর পেয়ে গোয়াইনঘাট থানার সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটের গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গতকাল শুক্রবার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টাও চলছে।
গৃহবধূর লাশ উদ্ধার: অপরদিকে সিলেটের জৈন্তাপুরে ধানক্ষেতের আইল থেকে ডলি বেগম (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় লাশটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহত ডলি উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি (পশ্চিম চটি) গ্রামের আহমদ আল শরিফের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভোর সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে ধানক্ষেতের আইলে ডলি বেগমের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যান চিকনাগুল ইউনিয়নের সদস্য অহিদুর রহমান। পরে সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
