আলো ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খালেদ মাহমুদ (৪২) নামে দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে ঘটে এ ঘটনা।
পরে অভিযোগ পেয়ে গত রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরককাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে অভিযুক্ত খালেদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার খালেদ মাহমুদ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মির্জা আলী মিজির বাড়ির মো. আহসান উল্যার ছেলে। ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শিশুটি তাদের বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল।
এদিন বিকেল ৪টরি দিকে তার দূরসম্পর্কের চাচাতো বোনের জামাই খালেদ মাহমুদ তাকে কৌশলে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি ঘরে এসে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তি ওই শিশুর প্রতিবেশী এবং দূরসম্পর্কের আত্মীয় হন।
এ ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তার হোসেন সেই মামলাটি তদন্ত করছেন। ওই মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
