আলো ডেস্ক: ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের নামে যে প্রতারণার ঘটনা ঘটেছে তার সঙ্গে প্রকৃত সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে এ দাবি জানায় ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের নেতারা। তারা বলেন, একটি কুচক্রী মহল বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের পরিচয় দিয়ে, ভুয়া ঠিকানা ব্যবহার করে মোবাইল ফোনে চাঁদা দাবি ও উকিল নোটিশ পাঠিয়েছে বলে আমরা জেনেছি।
সঙ্গে সঙ্গে আমরা পল্টন থানায় ডাইরি করেছি, যার নাম্বার ১২৮২, ২০/০৯/২০২০ একই সঙ্গে ভোক্তা অধিদপ্তরের লিখিত জবাব দাখিল করেছি। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম বলেন, এ প্রতারক চক্রের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন সরকার কর্তৃক অনুমোদিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
২০০১ সাল থেকে সারাদেশে ভোক্তার অধিকার নিয়ে কাজ করে আসছে সংগঠনটি। ভোক্তা অধিকার আইন ২০০৯ আমাদের আন্দোলনেরই ফসল। তারা বলেন, ভোক্তা অধিকার আইনে খসড়া দাখিল করেছে যে তিনটি প্রতিষ্ঠান তার একটি বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন।
সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রতারক চক্রকে প্রতিহত করে, বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের সার্বিক কাজে সহায়তা কামনা করছি।
