আলো ডেস্ক: বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে তাওশিদ হাসান (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে পাঁচবিবির ফেনতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওশিদ হাসান জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা গ্রামের মোহাম্মদ হাসান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলায় ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনে চলাফেরা করছিলেন। এ সময় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা মেইলটি ছেড়ে আসে। সান্তাহার রেলওয়ে থানার পাঁচবিবির ফেনতারা এলাকায় পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
