আলো ডেস্ক: বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা কমানোর ঘোষণা দেয় গত সোমবার। গতকাল মঙ্গলবার নতুন দাম কার্যকর হওয়ার কথা থাকলেও নতুন দামের কোনো প্রভাব দেখা যায়নি বাজারে। প্রতি লিটার আগের দামেই, অর্থাৎ ১৯২ টাকায় বিক্রি হচ্ছিল।
কোথাও ১৭৮ টাকায় বিক্রি নেই। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কয়েকটা বাজার ঘুরে একই চিত্র দেখা গেছে। সয়াবিনের দাম কমানোর ঘোষণার পরও আগের দামেই বিক্রি হচ্ছে। ভাটারার ছোলমাঈদ এলাকার ফেরাজীটোলা বাজারে গিয়ে দেখা যায়, আগের দামেই বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। এ বাজারে কথা হয় রাজন এন্টারপ্রাইজ মুদি দোকানের বিক্রেতা রাজন মিয়ার সঙ্গে। তিনি বলেন, আমার দোকানে এক লিটার তীর ব্রান্ডের সয়াবিন তেল ১৯০ টাকা আর তিন তারা ব্রান্ডের তেল এক লিটারের বোতল ১৮৫ টাকায় বিক্রি করছি।
আর তীরের দুই লিটার ৩৮০ টাকা ও পাঁচ লিটারের বোতল ৯৪০ টাকা। দাম কেন কমেনি জিজ্ঞেস করা হলে তিনি জানান, কম দামের বোতল এখনও বাজারে আসেনি। একই চিত্র সুমন জেনারেল স্টোর ও মক্কা জেনারেল স্টোরের। মক্কা জেনারেল স্টোরিজের মালিক বলেন, আমার দোকানে দুই ও পাঁচ লিটারের বোতলে সয়াবিন তেল বিক্রি হয়।
এ বাজারে তেল কিনতে এসেছিলেন সোনিয়া বেগম। তিনি বলেন, খবরে শুনেছিলাম প্রতি লিটার সয়াবিন তেলে ১৪ টাকা কমেছে। বাজারে এসে শুনলাম আগের দামেই কিনতে হবে। তিনি আরও বলেন, সয়াবিন তেলের দাম যখন বাড়ানো হয় তখন সঙ্গে সঙ্গে বাড়ে। আর যখন কমানো হয় তখন আর কমে না। একই চিত্র দেখা গেছে রাজধানীর গুলশান-২ ডিসিসি কাঁচা বাজারে। এ বাজারে জানকি ভাণ্ডারের বিক্রেতা পিন্টু বলেন, এক লিটারের বোতল ১৯০ টাকা. দুই লিটার ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।
কবে দাম কমতে পারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, কম দামের মাল এখনও আসেনি। আগামী সপ্তাহে মাল ডেলিভারি দিলে কমতে পারে। একই বাজারের বিল্লাল বানিয়াতী স্টোরের বিক্রেতা মোতাহার সরদার বলেন, দাম কমানোর ঘোষণার সঙ্গে সঙ্গে দাম কি কমে যাবে? গতকাল (গত সোমবার) ঘোষণা হলো কম দামের, মাল আসবে তারপর আমরা কম দামে বিক্রি করবো।
