আলো ডেস্ক: নাটোরের গুরুদাসপুর উপজেলায় অপহরণের শিকার এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ পলাতক রয়েছেন। তিনি উপজেলার মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। গুরুদাসপুর থানার ওসি আবদুল মতিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সকালে এক এসএসসি পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা দিতে মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে যায়। পরীক্ষা শেষে বিদ্যালয়ের মূল গেটের সামনে অবস্থানকালে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। ঘটনাটি দেখে স্থানীয়রা অপহৃতের পরিবারকে জানালে তারা প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হয়।
পরে রাতে ওই পরীক্ষার্থীর মা অপহরণের অভিযোগ এনে থানায় প্রধান শিক্ষকসহ তিনজনের নাম উল্লেখ করে অভিযোগ দেন। ওসি বলেন, এরপরেই পুলিশ অভিযানে নামে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত রোববার সকাল সাড়ে ৮টার দিকে একই উপজেলার মামুদপুর এলাকার একটি বাড়ি থেকে অপহরণের শিকার ছাত্রীকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান শিক্ষক ফিরোজ পালিয়ে যান। মেয়েটিকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
