আলো ডেস্ক: ঢাকার সাভারে মোবাইল ফোনে পরিচয়ের পর শিশু ও কিশোরীকে ডেকে নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার দুপুরে মামলা দায়েরের পর আসামিদের ঢাকা জেলা মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে পূর্ব ডেন্ডাবর এলাকায় অভিযুক্ত মো. আশরাফুলের বাড়িতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আসামিরা হলো: নাঈম, আশরাফুল, রেজাউল করিম ইমন, নূর হোসেন ও আবু বকর। ভুক্তভোগী ১৫ বছর বয়সি কিশোরী বলে, ‘আমার বোন এখানে ভাড়া বাসায় থেকে একটি গার্মেন্টেসে চাকরি করেন। আমাদের দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। গত বৃহস্পতিবার আমি আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় বোনের বাসায় বেড়াতে যাই। ওই দিন রাতে বাসার পাশে একটি দোকানে মোবাইলে টাকা তুলতে গেলে কৌশলে ইমন নামে এক ছেলে আমার নম্বর জেনে নেয়। পরদিন শনিবার রাতে তিনি আমাকে ফোন করে বাসার সামনে ডেকে নেন। এর আগেও বোনের বাসায় এসে তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। পরে ইমন পাশেই তার বন্ধু আশরাফুলের বাড়িতে আমাকে কৌশলে নিয়ে যায়।
এ সময় আমার সঙ্গে আরেকটি শিশু (১১) ছিল।’ ভুক্তভোগী মেয়েটি আরও বলে, ‘আমরা দুজন কক্ষে ঢোকার সঙ্গে সঙ্গেই ইমনসহ তিনজন ভেতর থেকে দরজা আটকে দেয়। এ সময় তারা আমাকে ধর্ষণ করে। একই সময় আমার সঙ্গী মেয়েটিকে অপর কক্ষে আটকে রাখে আরেকজন। পরে আমাকে ভয়ভীতি দেখিয়ে কক্ষের দরজা বাইরে থেকে তালা দিয়ে চলে যায় তারা। এরপর চিৎকার করলে বাসার এক ভাড়াটিয়া তালা ভেঙে আমাদের উদ্ধার করেন।’ ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘আমি বাসাবাড়ির ময়লা ফেলার কাজ করি। অনেক রাত পর্যন্ত আমারে বাইরে থাকতে হয়। আমার মেয়ে দাদির বাসায় থেকে পাশেই একটা মাদ্রাসায় পড়ে। শুক্রবার ঘটনার কোনো কিছু শুনি নাই। আজ এলাকার লোকজন আমারে ডাইকা ঘটনা বলে। পরে মাইয়া আমারে বলছে, উড়ে ঘরে আটকাইয়া মারধর করেছে, ধর্ষণের চেষ্টা করেছে।’
ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী গার্মেন্টস শ্রমিক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ছোট মেয়েটি কাঁদছিল। জিজ্ঞেস করার পর তাকে একজন ঘরে আটকে মারধর করেছে বলে জানায়। তার সঙ্গে থাকা আরেকটা মেয়েকেও আটকে রেখে নির্যাতনের কথা জানায় সে। পরে রাতে ৯৯৯ কল করে পুলিশে খবর দেয়া হয়। রাতেই পুলিশ বাড়ির মালিক আশরাফুল ও ইমনসহ পাঁচজনকে আটক করে নিয়ে যায়।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজু মÐল বলেন, ‘শিশু ও কিশোরীকে ধর্ষণের ঘটনায় আলাদা দুটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচ যুবককে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীদেরও স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’
