আলো ডেস্ক: অর্থপাচারের অভিযোগে মতিঝিল থানায় করা মামলায় ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও সাবেক পরিচালক ও শিল্পপতি এমএ খালেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মতিঝিল থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানোসহ ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি উপপুলিশ পরিদর্শক রুহুল আমিন।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এক কোটি ২৮ লাখ ৭১ হাজার ৪৩৭ টাকা অর্থপাচারের অভিযোগে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপপরিদর্শক মো. জোনাঈদ হোসেন বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় জড়িত চারজনের নাম মামলায় উল্লেখ করা হয়।
এ ছাড়া অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করা হয়। এ মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- মিজানুর রহমান মোস্তফা, মো. তাজুল ইসলাম, মো. নজরুল ইসলাম, এম এ খালেক। মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ২১ আগস্ট থেকে ২০১৬ সালের ২৯ আগস্ট পর্যন্ত আসামিরা পরস্পর যোগসাজশে প্রাইম ব্যাংকে কর্মরত থাকাকালীন লাভের উদ্দেশ্যে অবৈধ অর্থ গোপনের জন্য শেয়ার বাজারে বিনিয়োগ করেন।
একইসঙ্গে জাল পরিচয়পত্র ব্যবহার করে প্রাইম ব্যাংকের মতিঝিল শাখায় হিসাব খোলেন। এরপর বিনিয়োগকৃত অর্থ নিজ নিজ বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করেন। দলিল দস্তাবেজ জালকরণের মাধ্যমে মাধ্যমে অর্জিত অর্থ এক কোটি ২৮ লাখ ৭১ হাজার ৪৩৭ টাকা নিজেদের ব্যাংক হিসাবে স্থানান্তর ও রূপান্তর করেছেন। এদিকে গ্রাহকের ৮০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে সেপ্টেম্বর মাসের শুরুতে শাহবাগ থানায় মামলা করা হয়। মামলার পর ১৬ সেপ্টেম্বর তাদের গ্রেপ্তার করে পুলিশ।
