আলো ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। নিহত রহমত আলী (৫৫) সদর ইউনিয়নের বীরনগর গ্রামের ফয়জুর রহমানের ছেলে। গতকাল শনিবার দুপুরে তাহিরপুর উপজেলার বীরনগর গ্রামে এই ঘটনা ঘটে। পরে এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা কিবরিয়া (৩৫) ও তার ছোটো ভাই হোসাইনকে (৩০) আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রহমত আলীর সঙ্গে ভাতিজা কিবরিয়ার দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে গতকাল শনিবার দুপুরে বাড়ির সামনে গাছের আগাছা কাটা নিয়ে রহমত আলী ও কিবরিয়ার ঝগড়া শুরু হয়। একপর্যায়ে কিবরিয়ার হাতে থাকা খুনতি দিয়ে রহমত আলীকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির সীমানা নিয়ে বিবাদের জেরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। আমরা অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করছি।
