আলো ডেস্ক: দৈনিক বাংলার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার এক বার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, তোয়াব খান ছিলেন বাংলাদেশের সাংবাদিকতা জগতের পথিকৃৎ।
তার মৃত্যুতে দেশের সাংবাদিকতার অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। অন্যদিকে গতকাল শনিবার এক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক শোকবার্তায় মন্ত্রী প্রয়াত তোয়াব খানের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
গতকাল শনিবার এক শোকবার্তায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, সাংবাদিকতার জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তোয়াব খান। আজ এ নক্ষত্র সব আলো নিভিয়ে দিয়ে চলে গেলেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয় উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, আমৃত্যু সাংবাদিকতার মতো মহান পেশায় তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। সততা, নৈতিকতা আর বস্তুনিষ্ঠতার অপার দৃষ্টান্ত স্থাপনকারী মানুষটি যুগ যুগ ধরে মানুষকে পথ দেখিয়ে গেছেন।
এ সময় তিনি তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। অন্যদিকে তোয়াব খানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, তোয়াব খানের মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। শোক বাণীতে তিনি বলেন, তোয়াব খান সাংবাদিকতার জগতে একজন আলোকিত মানুষ ছিলেন। দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। বর্তমান প্রজন্মের কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
২০১৬ সালে একুশে পদক পাওয়া তোয়াব খানের সাংবাদিকতা জীবনের শুরু ১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে। ১৯৫৫ সালে সহ-সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক সংবাদে। ১৯৬১ সালে তিনি দৈনিক সংবাদের বার্তা সম্পাদক হন। এরপর ১৯৬৪ সালে যোগ দেন দৈনিক পাকিস্তানে। দেশ স্বাধীনের পর দৈনিক পাকিস্তান থেকে বদলে যাওয়া দৈনিক বাংলার প্রথম সম্পাদক ছিলেন তোয়াব খান। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি তিনি দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব নেন।
১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিকের ভ‚মিকা পালন করেন তোয়াব খান। সে সময় তার আকর্ষণীয় উপস্থাপনায় নিয়মিত প্রচারিত হয় ‘পিণ্ডির প্রলাপ’ নামের অনুষ্ঠান। দৈনিক জনকণ্ঠের প্রতিষ্ঠালগ্ন থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক ছিলেন তিনি।
এরপর নতুন আঙ্গিক ও ব্যবস্থাপনায় প্রকাশিত দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব নেন দেশবরণ্যে এ সাংবাদিক। সাংবাদিক তোয়াব খানের জন্ম ১৯৩৪ সালের ২৪ এপ্রিল সাতক্ষীরা জেলার রসুলপুর গ্রামে। ছাত্রজীবন থেকেই তিনি তৎকালীন বিভিন্ন পত্রিকায় সমকালীন ইস্যু নিয়ে লেখালেখি করতেন।
