স্টাফ রিপোর্টার: বাঁধভাঙা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে রাজশাহীর বহুল প্রচারিত দৈনিক রাজশাহীর আলোর গৌরবময় ১ যুগ পূর্তি হতে যাচ্ছে আজ। এ পত্রিকার ১২ বছর পূর্তি ও ১৩ বছর পদার্পণ উপলক্ষে রাজশাহী মহানগরীর শালবাগান অবস্থিত রাজিয়া কমিউনিটি সেন্টারে বিকেল ৪.৩০ মিনিটে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হবে কেক কাটা, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।
রাজশাহীর আলোর কর্ণধার সম্পাদক ও প্রকাশক মো: আজিবার রহমানের সভাপতিত্বে রাজশাহীর আলোর সাথে সংশ্লিষ্ট সাংবাদিক, কবি, সাহিত্যিক, কলামিস্ট, পাঠক, শুভানুধ্যায়ীসহ নগরীর অসংখ্য সুধীজনদের সাথে নিয়ে এ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পত্রিকার শুরু থেকে আজ অব্দি প্রকাশনা বন্ধ না থাকার গৌরব অর্জন করায় ও ব্যাপক পাঠকপ্রিয় জননন্দিত পত্রিকা হওয়ায় এবং সুনামের সাথে দীর্ঘ ১ যুগ অতিক্রম করায় এ আনন্দ-উচ্ছাস আরও দ্বিগুণ হয়েছে রাজশাহীর আলো পরিবারের জন্য।
প্রতিবারের ন্যায় তাই এবারও আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে দৈনিক রাজশাহীর আলোর বর্ষপূর্তি। এজন্য বার্তা সম্পাদকের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন প্রিয় নগরবাসীকে।
