আলো ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের চার মাঝিকে (নেতা) হত্যার দায় স্বীকার করে ভিডিও বার্তা দেওয়া যুবক মো. হাসিম (২১) দীর্ঘদিন ধরে ক্যাম্প থেকে নিখোঁজ রয়েছে। ভিডিও বার্তায় দেওয়া ঠিকানা সঠিক হলেও হত্যার তথ্যটি সঠিক নয় বলে দাবি করছে পুলিশ। এপিবিএন বলছে, প্রকৃত খুনিদের আড়াল করতে ভিডিও বার্তায় মিথ্যার আশ্রয় নিয়েছে ওই যুবক। হাসিমের বাবা আবদুল জব্বার বলেন, ছেলে হাসিম সন্ত্রাসী হয়ে গেছে। সে দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে। ভিডিও বার্তায় সে যেসব তথ্য প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা। হয়তো কেউ জোর করে ভিডিও করে প্রকাশ করেছে। এ ঘটনায় ছেলেকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এ বিষয়ে রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, অপরাধের দায় স্বীকার করে ফেসবুকে প্রচারিত এক যুবক মো. হাসিম রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত- এমন একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। পরে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে রোহিঙ্গা ক্যাম্প-১৮তে অবস্থিত হাসিমের ঠিকানায় তার নিকট-আত্মীয়দের সঙ্গে কথা বলে তার নাম-ঠিকানা পাওয়া গেছে।
তার তাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাসিম গত কয়েক মাস থেকে বাইরে অবস্থান করছে। তিনি আরও বলেন, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অপরাধ গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে জানা যায়, হাসিমের বক্তব্য সঠিক নয়। প্রকৃত অপরাধীদের আড়াল করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা কারও প্ররোচনায় হাসিম এ ধরনের অপপ্রচার চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরও হাসিমের বক্তব্যকে গুরুত্ব সহকারে গ্রহণ করে যাচাই-বাছাই করে তাকে আইনের আওতায় এনে প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে।
সব দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে এপিবিএন সদা তৎপর রয়েছে। বর্তমানে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চার মাঝিকে হত্যার দায় স্বীকার করে একটি ভিডিও বার্তা প্রকাশ করে মো. হাসিম নামের ওই যুবক। পরে বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
