আলো ডেস্ক: বিএনপির আন্দোলন ও কর্মসূচিতে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জিয়া মঞ্চের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বুধবার সকালে রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই কথা বলেন।
গয়েশ্বর বলেন, গণজোয়ার সৃষ্টি হয়েছে সারাদেশে। গণতন্ত্র উদ্ধারে বিএনপি ঘোষিত কর্মসূচিতে বাধা আসলেই জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে। তিনি বলেন, কর্মসূচি সফল করবে জনগণ। সরকারের কাছে সহযোগিতার আহবান জানিয়ে লাভ নেই। গয়েশ্বর বলেন, শহীদদের রক্ত বৃথা যাবে না, যেতে পারে না।
পথে পথে বাধা আসবেই। বাধা এসেছে, সামনেও আসবে। বাধা অতিক্রম করেই মানুষ অধিকার আদায়ে পথে নেমে আসবে। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালামসহ জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
