আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাকে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশনাও দিয়েছে সংস্থাটি। গতকাল সোমবার ইসির সহকারী সচিব মো. আশফাকুর রহমান নির্দেশনাটি পাঠিয়েছেন।
এতে উল্লেখ করা হয়েছে- রিট পিটিশন নম্বর ১১০৭১/২০২২-এর ১৩ সেপ্টেম্বর, ২০২২ তারিখের হাইকোর্টের আদেশ প্রতিপালনার্থে ১৭ অক্টোবর, ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এ সিদ্ধান্ত অনুসারে পদ্ধতিগতভাবে কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।
