আলো ডেস্ক: নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাণীনগর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মীর হোসেন উপজেলার সীমবা গ্রামের বাসিন্দা।
সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, দুপুরে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি রানীনগর রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় মীর হোসেন মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
