আলো ডেস্ক : সাম্প্রদায়িক ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল শুক্রবার তাদের কোনো কর্মসূচি ছিল না জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন সংগঠনটির নেতারা। তারা বলেন, দেশের সকল ইসলামপ্রিয় তৌহিদি জনতা, হেফাজতের সর্বস্তরের নেতা-কর্মী ও কওমি মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীদের প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকবে, কারও উস্কানিতে কোনোরকম সিদ্ধান্ত নেবেন না। গতকাল শুক্রবার হেফাজতের কোনও কর্মসূচি নেই। আমরা পরিস্থিতির দিকে গভীর নজর রাখছি। গত বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে হেফাজত মহাসচিবের কার্যালয়ে অনুষ্ঠিত ‘খাস কমিটি’র বৈঠক থেকে এমন আহ্বান জানান তারা। কুমিল্লায় ‘কোরআন অবমাননাকারী’ সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থার দাবি জানিয়ে হেফাজত নেতারা বলেন, কুমিল্লার ঘটনার প্রতি আমরা গভীরভাবে নজর রাখছি। আমরা জানতে পেরেছি, কুমিল্লার নানুয়ার দিঘির সেই পূজা মন্ডপটি বন্ধ করে দিয়েছে সরকার এবং অভিযুক্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তৌহিদী জনতার আন্দোলনকে পুঁজি করে অতীতের মতো কেউ যেন স্বার্থ উদ্ধার করতে না পারে- সে বিষয়েও সদা সর্তকতা অবলম্বন করতে হবে। মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- হেফাজত মহাসচিব নুরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা আবদুল আওয়াল, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ।
