আলো ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় বসতঘর থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় বৃদ্ধ দম্পতির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার পুরাতন বাজারপাড়া থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। বৃদ্ধ দম্পতি হলেন- নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)। পুলিশ জানায়, গত শুক্রবার থেকে দম্পতির জামাতা অহিদুলসহ পরিবারের সদস্যরা তাদের ফোন করে না পেয়ে বাড়িতে এসে তালাবদ্ধ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তালা ভেঙে দুজনের রক্তাক্ত লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসলখানা থেকে বৃদ্ধের হাত বাঁধা ও ঘরের ভেতর থেকে বৃদ্ধার মুখ বাঁধা লাশ পাওয়া যায়। বৃদ্ধার পাশে পড়ে থাকা ছোট কাঁচি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করা হয়েছে। পিবিআই ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে নজির উদ্দিনের বাড়ি থেকে সাড়া-শব্দ না পেয়ে ডাকাডাকি করেন প্রতিবেশীরা। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখেন, ঘরের মধ্যে রক্তাক্ত লাশ পড়ে আছে। নজির জমি জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত ছিলেন। জমিজমা নিয়ে বিরোধের জেরে তাদের হত্যা করা হতে পারে। পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, নজির উদ্দিন শৌচাগারের ভেতর হাত-পা বাঁধা এবং তার স্ত্রী ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন।
হত্যার পর তাদেরকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে পুলিশের একাধিক টিম। পিবিআই ও সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
