আলো ডেস্ক: চট্টগ্রামের পটিয়ার বিসিক শিল্পনগরী এলাকা থেকে উজ্জ্বল সেন নামে (৩০) এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত বৃহস্পতবিার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশের একটি ময়লার স্তূপ থেকে লাশটি উদ্ধার করা হয়। উজ্জ্বল সেন পটিয়ার খরনা ইউনিয়নের মুজাফফরাবাদের বাবুল সেনের ছেলে।
তিনি নগরের ফ্রি-পোর্ট এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন, অথবা কেউ তাকে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
