আলো ডেস্ক: ফরিদপুরে যাত্রীবাহী একটি বাসের ভেতরে বৈদ্যুতিক খুঁটি ঢুকে নজরুল ইসলাম (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে জেলা সদরের পূর্ব গঙ্গাবর্দী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল মুন্সিগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ এলাকার রাজ্জাকের ছেলে।
আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে কারো নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। জানা যায়, জেলা সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের বৈদ্যুতিক খুঁটি একটি গাড়িতে ওঠানো হচ্ছিল। এ সময় দ্রæতগামী তালুকদার পরিবহনের একটি বাস ওই এলাকা অতিক্রম করার সময় একটি খুঁটি বাসের ভেতরে ঢুকে যায়।
এতে অন্তত ১৬ জন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি কংকর কুমার বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
