আলো ডেস্ক: স্থানীয় রিফাইনারিদের কাছ থেকে আরও এক কোটি ৬৫ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। যার মূল্য দাঁড়াবে ৩০৫ কোটি ২৫ লাখ টাকা। ভর্তুকি মূল্যে ১ কোটি পরিবারের কাছে বিক্রির জন্য এ তেল কিনবে টিসিবি। গতকাল বুধবার সকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক ভার্চুয়ালি সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গত সপ্তাহে টিসিবি কর্তৃক পাঁচটি পৃথক প্রস্তাবে সোয়া ২ কোটি লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছিল। বৈঠক শেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে আবদুল বারিক জানান, বৈঠকে মোট ১০টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
এতে মোট ব্যয় হবে ১ হাজার ৭২৬ কোটি ৮ লাখ টাকা। তিনি জানান, বৈঠকে স্থানীয় তিন রিফাইনারির কাছ থেকে একই দরে ৫৫ লাখ লিটার করে মোট ১ কোটি ৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এজন্য প্রতি রিফাইনারকে দেয়া হবে ১০১ কোটি ৭৫ লাখ টাকা। রিফাইনার তিনটি প্রতিষ্ঠান হচ্ছে সুপার অয়েল রিফাইনারি লিমিটেড, সিটি এডিবল অয়েল লিমিটেড ও মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড।
