আলো ডেস্ক: কিশোরগঞ্জের হোসেনপুরের সাহেবচরে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজাসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৬টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র দনে ব্রীজের কাছে মরদেহগুলো ভেসে ওঠে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের লাশ উদ্ধার করে।
মারা যাওয়া তিনজন হলেন-ময়মনসিংহ জেলার পাগলা থানার চরশাখচুড়া গ্রামের আবদুস সামাদের ছেলে মো. সিফাত (১৬) ও একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৭) এবং হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম মিয়া (৩০)। এর মধ্যে সিফাত ও ইয়াসিন সম্পর্কে চাচা-ভাতিজা। শামীম এক সন্তানের জনক।
আগামী ২৫ সেপ্টেম্বর তার ওমানে যাওয়া কথা ছিল। হোসেনপুর থানার পরিদর্শক আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বুধবার সকালে ব্রীজের কাছে মরদেহগুলো ভেসে ওঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশগুলো উদ্ধার করা হয়।
গত সোমবার বিকেলে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচরের পুরাতন ব্রহ্মপুত্র নদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের নামে সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।
