আলো ডেস্ক: বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান আকন্দকে মারপিট ও হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। রেলওয়ের এক কর্মচারীকে মারপিট সংক্রান্ত মামলার আসামি আবদুল মান্নান আকন্দ গতকাল বুধবার সকালে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন।
তবে শুনানি শেষে বিচারক আহমেদ শাহরিয়ার তারিক তা নামঞ্জুর করেন। বগুড়ার কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি জানিয়েছেন, আদালতের নির্দেশে আবদুল মান্নান আকন্দকে কারাগারে পাঠানো হয়। আদালত সূত্র জানায়, রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের মার্কেটের সামনে গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে নির্মিতভাবে শতাধিক দোকান উচ্ছেদে গত ১৪ সেপ্টেম্বর অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ।
তবে অভিযান চালানোর সময় রায়হান আলী নামে বগুড়া রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারীকে মারপিট করা হয়। ওই ঘটনায় আহত রায়হান আলীর বাবা এবং রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের মার্কেট নির্মাণের দায়িত্বপ্রাপ্ত বগুড়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হায়দার আলী বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
মামলায় ওই মার্কেট নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদার আবদুল মান্নান আকন্দসহ ৫১ জনকে আসামি করা হয়। বগুড়া শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান আকন্দ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর আগে বগুড়া পৌরসভার মেয়ার পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়।
