স্টাফ রিপোর্টার-
নগরীর মতিহার থানাধীন চর শ্যামপুর এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মোঃ এনামুল হক (৫৫) নামের এক ব্যক্তি। তিনি কাটাখালি পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর দায়িত্ব পালন করছেন, পাশাপাশি ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তিনি। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কাউন্সিলর এর বাড়িতে প্রাণনাশের উদ্দেশ্যে হামলা চালাই সন্ত্রাসীরা। হামলার শিকার কাউন্সিলর কে গুরুতর রক্তাক্ত অবস্থায় তার বাড়ির লোকজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় মতিহার থানায় কাউন্সিলরের ছেলে মোঃ নাসির বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিরা হল:(১) মোঃ রিমন(২৫) পিতা মোঃ আরমান। (২) মোঃ বিজয় (২১) পিতা মৃত: আরমান (৩) মোঃ রতন (২৪) পিতা মোঃ নজরুল (৪) মোঃ সজীব (২০) পিতা মোঃ শাহিন (৫) মোঃ শান্ত (২২) পিতা মোঃ অনিক সর্বসাং চরশ্যামপুর। এজাহার সূত্রে আরো জানা যায়, ১নং আসামি মোঃ রিমন তার স্ত্রীকে মারধর করলে বিচারের জন্য কাউন্সিলর এনামুল হকের বাড়িতে যায় এবং কাউন্সিলরের নিকট স্বামীর বিরুদ্ধে নালিশ করে।
নালিশ করতে দেখে আসামি রিমন আবারো কাউন্সিলরের সামনে তার স্ত্রীকে মারপিট করে। অবস্থা বেগতিক দেখে কাউন্সিলর তাৎক্ষণিক আপস-মীমাংসা করে দেয়ার চেষ্টা করে। কিন্তু ১নং আসামি রিমন তা মেনে নিতে না পেরে তার দলবল সহ অতর্কিতভাবে কাউন্সিলরের বাড়ির ভিতরে ঢুকে সন্ত্রাসী হামলা চালায়। এ সময় ২নং আসামির হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে কাউন্সিলরকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। কিন্তু কাউন্সিলর বাম হাত দিয়ে প্রতিরোধ করে প্রাণে বেঁচে যাই এবং তার বাম হাতের কোনুই এর নিচে কাটা রক্তাক্ত জখম হয়।
এ বিষয়ে কাউন্সিলর মোঃ এনামুল হক সাক্ষাৎকারে জানান, সন্ত্রাসীরা জামাত শিবিরের সক্রিয় ক্যাডার, তাদের নামে মামলাও রয়েছে অনেক। আমাকে তারা কেন প্রাণে মেরে ফেলতে চেয়েছিল, তা আমার জানা নাই। এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আনোয়ার আলী তুহিন মুঠোফোনে বলেন, কাউন্সিলর এনামুল হকের উপর হামলাকারীদের মধ্যে বিজয় ও সজীব নামের ২জন আসামিকে আটক করে হত্যা চেষ্টা মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
