আলো ডেস্ক: দেশে প্রকৃত জেলের তালিকা প্রণয়ন করে সঠিকভাবে জেলে কার্ড বিতরণ করার দাবি জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। একই সঙ্গে রেশনিংয়ের পরিমাণ বাড়ানোর সুপারিশ করেছেন তারা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জেলে কার্ড পাওয়া বিষয়ে মাঠ পর্যায়ের বাস্তবতা ও কিছু সুপারিশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন ও জেলেদের নিয়ে কাজ করে এমন বেশ কয়েকটি সংগঠন। সেমিনারে বলা হয়, জেলে বাস করে এমন এলাকার মোট আট হাজার ৬৪৪ পরিবারের ওপর জরিপ চালিয়েছেন তারা। এরমধ্যে পাথরঘাটা সদর ইউনিয়নে তিন হাজার ১৪১ পরিবার ও মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে পাঁচ হাজার ৫০৩ পরিবার। এসব পরিবারে মোট সদস্য ৪২ হাজার ৮৯৬ জন।
এদের মধ্যে ৭৯ দশমিক ৮ শতাংশ পরিবারে একজন মাত্র উপার্জন করেন। ৯৯ শতাংশ পরিবারই শুধুমাত্র মৎস আহরণের ওপর নির্ভরশীল। ২২০ জন কিশোর জেলে পেশায় নিয়োজিত। অথচ এই পেশাকে এখনো রাষ্ট্রীভাবে শিশু শ্রম বা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়নি। জরিপ করা জেলেদের মধ্যে মাত্র ৪২ শতাংশ জেলে কার্ডধারী। ২০২০ সালে তালিকা হালনাগাদ করার সময় অনেকে সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত থাকায় তাদের নাম তালিকাভ‚ক্ত করা যায়নি। অন্যদিকে জেলা ও উপজেলা মৎস্য অফিসের লোকবলের সংকট থাকায় তাদের হালনাগাদ করার প্রক্রিয়ায় স্থানীয় সরকারের বিশেষ করে ইউনিয়ন পরিষদের সহায়তা নিতে হয়।
এতে করে স্বজনপ্রীতির মাধ্যমে জেলে না হলেও অনেকের নাম জেলে তালিকাভূক্ত হয়ে যায়। এছাড়াও ব্যক্তিগত শত্রুতা ও রাজনৈতিক বিবেচনায়ও অনেক প্রকৃত মৎস্য শ্রমিকের নাম তালিকা থেকে বাদ পড়ে যায়। নিষেধাজ্ঞার সময়ে জেলেরা অর্থসংকটে ভোগেন উল্লেখ করে বলা হয়, সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় ৪৫ শতাংশ মৎস্য শ্রমিক দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন। পাশাপাশি জাল বোনা বা মেরামত, কৃষিকাজ, লুকিয়ে মাছ ধরা, শুটকি প্রক্রিয়াজাতকরণ, রিকশা বা অটোরিকশা চালানো, ক্ষুদ্র ব্যবসা ইত্যাদির মাধ্যমে সংসারের ব্যয় নির্বাহের চেষ্টা করেন। ১৫ শতাংশ মৎস্য শ্রমিক জানায়, সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় তারা কোনো কাজ করেন না বা করার মতো কোনো কাজও পান না।
এছাড়াও মৎস্য শ্রমিকরা বংশ পরস্পরায় মাছ ধরার কাজ করার কারণে তাদের মধ্যে অন্য কোনো কারিগরি দক্ষতা গড়ে ওঠেনি। জেলে কার্ডে অনিয়ম হয় উল্লেখ করে সেমিনারে বলা হয়, এ বছর ফেব্রæয়ারি-মে মাসে দেশের কিছুকিছু স্থানে জাটকা সংরক্ষণের লক্ষে ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাথরঘাটা সদর ইউনিয়ন এই নিয়েধাজ্ঞার আওতায় পড়ে। এ সময় ৭৭ শতাংশ মৎস্য শ্রমিক সরকারি চাল সহায়তা পায়। অন্যদিকে ১৯ শতাংশ মৎস্য শ্রমিক সরকারি বরাদ্দের চাল পায় যাদের কোনো জেলে কার্ড নাই। জাটকা সংরক্ষণের জন্য মাছ ধরার নিষেধাজ্ঞার সময় চার দফায় ৪০ কেজি করে ১৬০ কেজি অথবা দুই দফায় ৮০ কেজি করে ১৬০ কেজি চাল পাওয়ার কথা।
কিন্তু ৮৮ দশমিক ৮ শতাংশ মৎস্য শ্রমিক ৭১ থেকে ৮০ কেজি এবং ৯ দশমিক ২ শতাংশ জেলে ৬১ থেকে ৭০ কেজি চাল পান। ঠিক মতো সহায়তা না পেয়ে নিষেধাজ্ঞার সময়ে জেলেরা ঋণগ্রস্ত হতে বাধ্য হন উল্লেখ করে বলা হয়, সরকারের বরাদ্দ করা চাল জেলেরা সঠিক পরিমাণে পায় না, যা পায় তাও তাদের প্রয়োজনের তুলনায় যথেষ্ট না। ৭৫ শতাংশ মৎস্য শ্রমিক মাছ ধরার নিষেধাজ্ঞার সময় আর্থিক সংকটে দিনযাপন করে। পাথরঘাটায় ৬৬ শতাংশ ও কুতুবজোমে ৮১ শতাংশ মৎস্য শ্রমিক আর্থিক সংকটে পড়ে। আর্থিক সংকট মোকাবেলায় ৫৩ দশমিক ৯ শতাংশ মৎস্য শ্রমিক উচ্চ সুদে এবং ৩৯ দশমিক ২ শতাংশ বিনা সুদে টাকা ঋণ নিতে বাধ্য হয়। অর্থাৎ ৯২ শতাংশ মৎস্য শ্রমিকই ঋণের মাধ্যমে এই সংকট মোকাবেলা করতে বাধ্য হয়। পাথরঘাটা সদর ইউনিয়নের ৭৯ শতাংশ মৎস্য শ্রমিক উচ্চ সুদে ও ১৮ শতাংশ বিনা সুদে ঋণ করতে বাধ্য হয়।
কুতুবজোমের ৪০ শতাংশ মৎস্য শ্রমিক উচ্চ সুদে ও ৪৯ শতাংশ বিনা সুদে ঋণ করতে বাধ্য হয়। ৬ দশমিক ২ শতাংশ জমানো টাকা থেকে ব্যয় করেন। সেমিনারে সভাপতি প্রকল্প পরিচালক বণশ্রী মিত্র মিয়াজি বলেন, একটা পরিবারের অন্তত মাসে পাঁচ হাজার টাকা ও ৬০ কেজি চাল প্রয়োজন হয়। যদি এটা বাস্তবায়ন করা হয়, তবেই জেলেরা একটু স্বস্তিতে থাকতে পারবে। সেমিনারে সুপারিশ করা হয়-অগ্রাধিকারের ভিত্তিতে প্রকৃত ‘জেলে’ নির্ধারণের জন্য যথাযথ ব্যবস্থা নিতে। দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে একটি গ্রহণযোগ্য ও নির্ভুল জেলে তালিকা প্রণয়ন ও দুই বছর অন্তর অন্তর এই তালিকা হালনাগাদ করা।
প্রকৃত মৎস্য শ্রমিকদের পরিচয়পত্র দেওয়া। মাছ ধরার নিষেধাজ্ঞার সময় প্রতিটি মৎস্য শ্রমিকের জন্য বরাদ্দ করা খাদ্য সহায়তা সঠিকভাবে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা। খাদ্য সহায়তার পাশাপাশি দৈনন্দিন নানা ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া। মাছ ধরার নিষেধাজ্ঞাকালীন সময়ে আর্থিক সংকট মোকাবিলায় মৎস্য শ্রমিকদের জন্য জরুরি ভিত্তিতে টেকসই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। জরুরি প্রয়োজনে মৎস্য শ্রমিকদের জন্য সহজ শর্তে ও নামমাত্র সুদে ঋণের ব্যবস্থা করা। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ গিয়াসউদ্দিন আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক ফেডারেশনের সমাজ কল্যাণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ বিভিন্ন জেলে সংগঠনের প্রতিনিধিরা।
