সম্পাদকীয়: থেমে নেই পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা। খবরের কাগজ উল্টালে এমন খবর অহরহ দেখা যায়। সঙ্গত কারণেই যদি একের পর এক পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটতে থাকে তবে তা অত্যন্ত আশঙ্কাজনক বাস্তবতাকেই স্পষ্ট করে। সম্প্রতি প্রকাশিত খবরে জানা যায়, দেশে প্রতি বছর পানিতে ডুবে ১০ হাজার শিশুর মৃত্যু হচ্ছে। আরও আশঙ্কাজনক তথ্য হলো, ১ থেকে ১৪ বছরের শিশুদের মৃত্যুর প্রধান ৫টি কারণের মধ্যে ‘পানিতে ডুবে মৃত্যু’ অন্যতম। গত শনিবার সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে ‘পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে ইস্যুভিত্তিক সংবাদ লিখন’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়েছে। জানা গেছে, গণমাধ্যম বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান ‘সমষ্টি’ এই কর্মশালার আয়োজনে করে।
আমরা বলতে চাই, যখন দেশে প্রতি বছর পানিতে ডুবে ১০ হাজার শিশুর মৃত্যু হচ্ছে- তখন এই পরিস্থিতি কতটা ভীতিপ্রদ বাস্তবতাকে স্পষ্ট করে তা আমলে নেওয়া এবং এর পরিপ্রেক্ষিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। এটাও লক্ষণীয়, কর্মশালায় বলা হয়েছে যে, বিশ্বে প্রতি বছর ২ লাখ ৩৫ হাজার শিশুর পানিতে ডুবে মৃত্যু হচ্ছে। যার ৯০ ভাগ নিম্ন ও মধ্যম আয়ের দেশে। বর্তমানে বিশ্বে পানিতে ডুবে যাওয়াকে শিশুদের অনিচ্ছাকৃত মৃত্যু ও আঘাত প্রাপ্তির তৃতীয় প্রধান কারণ হিসেবেও বিবেচনা করা হচ্ছে।
এ ছাড়া বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সি শিশুদের পানিতে ডুবে মৃত্যুর হার বিশ্বের মধ্যে উলেস্নখযোগ্য। যাদের অধিকাংশই সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে মারা যায়। এ ক্ষেত্রে বলা দরকার, তিনটি প্রতিরোধযোগ্য ব্যবস্থা নেওয়ার মাধ্যমে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমানো সম্ভব বলেও মনে করেন সংশ্লিষ্টরা। এগুলো হলো- পাঁচ বছরের কমবয়সি শিশুদের দিনের একটি নির্দিষ্ট সময় ডে কেয়ার সেন্টারে রাখা, ৫ থেকে ১০ বছরের শিশুদের সাঁতার শেখানো ও ব্যাপকহারে সচেতনতা বৃদ্ধি। আমরা মনে করি- সর্বাত্মক পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা কতটা মর্মান্তিক এবং বেদনার তা বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে এটাও বলা দরকার, একের পর এক যদি শিশুরা এইভাবে পানিতে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তবে তা কতটা আশঙ্কাজনক বাস্তবতাকে স্পষ্ট করে- সেটি আমলে নেওয়া অপরিহার্য। দেশের বিভিন্ন স্থানে শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা মনে করি, পানিতে ডুবে শিশুমৃত্যু বিষয়ক সামগ্রিক চিত্র আমলে নিতে হবে।
এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ জরুরি। বিভিন্ন সময়ে এমন বিষয় উঠে এসেছে যে, শিশুরা গোসল করতে নেমে পড়ে গিয়ে আর উঠতে না পেরে মৃত্যুর ঘটনা ঘটেছে- যেসব ঘটনাতে অভিভাবকদের অসচেতনতাও স্পষ্ট হয়েছে। ফলে অভিভাবকদের এটা আমলে নেওয়া দরকার, শিশুরা যেন পুকুরে বা নদীতে নামতে না পারে। একদিকে শিশুদের প্রতি খেয়াল রাখতে সচেতনতা বৃদ্ধি জরুরি। অন্যদিকে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমের অংশ হিসেবে ব্যাপক প্রচার প্রচারণাও আবশ্যক।
শিশুর অন্যতম ঘাতক এই পানিতে ডুবে মৃত্যু রোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রথমেই এগিয়ে আসতে হবে পরিবারকে। শিশুরা জলাধারের কাছে যেন যেতে না পারে সেই খেয়াল রাখা এবং সতর্কতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সর্বোপরি আমরা বলতে চাই, এমন বিষয়ও এর আগে খবরে উঠে এসেছে যে, শিশুদের পানিতে ডুবে মৃত্যুর বড় কারণ হচ্ছে, পরিবারের অসচেতনতা। সংশ্লিষ্টদের মনে রাখা দরকার, সাঁতার না জানার কারণে অনেক শিশু পানিতে ডুবে মারা যায়। এমনকি শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্কদেরও পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। সঙ্গত কারণেই সাঁতার শেখার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া দরকার।
এ কথা মনে রাখা দরকার যে, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণ করবে, তাদের হাত ধরেই এগিয়ে যাবে দেশ। সঙ্গত কারণেই শিশুর সুরক্ষা নিশ্চিত করতে হবে। পানিতে ডুবে মৃত্যুর মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিভাবক তথা সবারই দায়িত্ব আছে সেটি মনে রাখার কোনো বিকল্প নেই।
