আলো ডেস্ক: অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তার স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল এবং তার বন্ধু এস এম ওয়াই আব্দুল্লাহ ফরহাদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতে বদলির আদেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালত এ আদেশ দেন।
ঢাকার সিজেএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুলএ তথ্য জানান। এর আগে, গত ২৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা কেরানিগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম আদালতে অভিযোগপত্র জমা দেন। গত ১৭ জানুয়ারি দুপুরে ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশে ঝোপের ভেতর থেকে রাইমা ইসলাম শিমুর লাশ উদ্ধার করা হয়।
৪১ বছর বয়সী এই অভিনেত্রী সপরিবারে ঢাকার কলাবাগান থানার গ্রিন রোড এলাকায় বসবাস করতেন। লাশটি শনাক্ত করার পরপরই এই হত্যার রহস্য উদঘাটনে কেরানীগঞ্জ থানা-পুলিশ তৎপরতা শুরু করে। পুলিশ জানান, অভিনেত্রী শিমুকে হত্যার পর খুনিরা লাশটি কেরানীগঞ্জ মডেল থানার হজরতপুরে ফেলে যায়। পরিকল্পিতভাবে হত্যা করা হলেও তারা কিছু চিহ্ন রেখে যায়।
তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ আলামতগুলো জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য শিমুর স্বামী অভিযুক্ত খন্দকার শাখাওয়াত আলীম নোবেল (৪৮) ও তার বন্ধু এস এম ওয়াই আব্দুল্লাহ ফরহাদকে (৪৭) আটক করা হয়। রাতেই আটক দুজনকে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসা হয়। সেখানে ব্যাপক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এ ঘটনায় গত ১৮ জানুয়ারি কেরানীগঞ্জ মডেল থানায় শিমুর ভাই হারুনুর রশীদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
