আলো ডেস্ক: জামালপুরে নিখোঁজের চারদিন পর পরিত্যক্ত টয়লেট থেকে শিপন কাজী (২৭) নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আওলাই থেকে লাশটি উদ্ধার করা হয়। শিপন কাজী ওই এলাকসার গফুর কাজীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ১২ সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন শিপন কাজী।
পরদিন তার বাবা নারায়ণপুর তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আওলাই থেকে আরিফুল ইসলাম (২৫) ও তিশা (২০) নামের দুজন আটক করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে পরিত্যক্ত একটি টয়লেট থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়। সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে পরিত্যক্ত একটি টয়লেট থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
